শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরির কারিগর ও একাধিক মামলার আসামি মো. ফিরোজ খান এবং তার স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার সকালে উপজেলার কুণ্ডের চর ইউনিয়নের বাবুর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি তাজা ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ ৯৩ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাবুর চর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
এ সময় জাজিরা উপজেলার সরল খার কান্দি এলাকার বাসিন্দা ও বোমা তৈরির কারিগর মো. ফিরোজ খান (৫০), তার স্ত্রী লাবনী আক্তার (৪০) ও আবু তাহেরকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ খান বিভিন্ন এলাকায় বোমা সরবরাহ করতেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনভীন আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ও ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন