আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র দখল ও সহিংসতা রোধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে এই মহড়া সম্পন্ন হয়।
নির্বাচনী এই মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ বিভিন্ন বাহিনীর দুই শতাধিক সদস্য অংশ নেন। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়।
মহড়ায় কৃত্রিমভাবে দেখানো হয় ভোট চলাকালে স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত কেন্দ্রে অনুপ্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিস্থিতি বেগতিক দেখে কন্ট্রোল রুমের নির্দেশে স্ট্রাইকিং ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যৌথ অভিযানের এই প্রক্রিয়ায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মাধ্যমে কীভাবে অপরাধীদের ছত্রভঙ্গ করা হয়, তার সফল মহড়া দেওয়া হয়। বাহিনীর সদস্যদের সমন্বিত মুভমেন্ট এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এতে বিশেষভাবে গুরুত্ব পায়।
মহড়ায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর মেজর গাফফারুজ্জামান (পিএসসি) এবং বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সমন্বিত আয়োজন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই মহড়া সাধারণ ভোটারদের মনে সাহস জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন