আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণার পূর্বধলায় ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৮২টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান খানের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ ও আনসার বাহিনীর কড়া পাহারায় প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের জন্য নির্ধারিত সরঞ্জামগুলো বুঝে নিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। ১১টি ইউনিয়নের ৮২টি ভোটকেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে ৮২ জন প্রিজাইডিং ও ১ হাজার ৫৬ জন পোলিং অফিসারকে প্রস্তুত করা হয়েছে।
এবারের নির্বাচনে উপজেলার ৮২টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্পর্শকাতর কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভোটাররা যেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান খান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন