ময়মনসিংহ-১ আসনে হেভিওয়েট প্রার্থী প্রিন্সকে হারিয়ে বিদ্রোহী রুবেলের জয়

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:৪৭ পিএম
ময়মনসিংহ-১ আসনে হেভিওয়েট প্রার্থী প্রিন্সকে হারিয়ে বিদ্রোহী রুবেলের জয়

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের নির্বাচনী ফলাফলে বড় অঘটন ঘটেছে। এই আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পরাজিত করে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে এই বিজয় নিশ্চিত করেন তিনি।

নির্বাচন কার্যালয়ের সূত্র অনুযায়ী, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৪৩টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার সময় বিভিন্ন স্থানে উত্তেজনার খবর পাওয়া গেছে। সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাঁদের কর্মীদের উসকানি দেওয়া হয়েছে এবং হামলায় আহত কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফলাফল ঘোষণার সময় দুই উপজেলা চত্বরে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক জড়ো হলে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাঁরা সজাগ ছিলেন। ফলাফল ঘোষণার সময় কিছু এলাকায় লোকসমাগম বাড়লে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান জানিয়েছেন যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। উত্তেজনার খবরে র‍্যাবের ছয়টি ইউনিট সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এখন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।

জেএইচআর