পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজানে নিয়মিত বাজার তদারকিসহ খাদ্যে ভেজাল, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের কোনো সুযোগ না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের ঘোষণা করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ ছাড়া সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান সভায় অংশ নেন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী এবং চেম্বার অব কমার্সের আহ্বায়ক আব্দুল আজিজও সভায় উপস্থিত ছিলেন। ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে যোগ দেন।
সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। রমজানে খাদ্যে ভেজাল বা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ে ব্যবসায়ীদের কোনো সুযোগ দেওয়া হবে না।
বাজার তদারকি জোরদার করাসহ ভেজালবিরোধী অভিযানে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পর্যবেক্ষণ দলকে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সুষ্ঠু পরিবেশে রমজান পালনে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার কথা উল্লেখ করা হয়।
সভা শেষে সিদ্ধান্ত হয়, রমজান মাসজুড়ে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে রমজান পালন করতে পারেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন