মাহে রমজানের শুরুতেই মাগুরা শহরের বাজারে সবজি ও ফলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও লেবু, শসা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। নিম্ন আয়ের রোজাদারদের অনেকেই জানান, ইফতারে ন্যূনতম আয়োজন করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার সকালে শহরের নতুন বাজার, পুরাতন বাজার, ভায়না কাঁচাবাজার ও ঢাকা রোড ফল বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, বড় লেবু ১০০ টাকা হালি এবং ছোট লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুন ও শসা ১০০ টাকা কেজি, পেঁয়াজ ৬০ এবং ছোলা ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খেজুরের দাম জাতভেদে ২৫০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। এছাড়া মাছ, মাংস ও ডিমের বাজারেও উচ্চমূল্য বিরাজ করছে।
বাজারের এই পরিস্থিতিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান শুক্রবার সকালে টানা প্রায় তিন ঘণ্টা শহরের বিভিন্ন বাজার সরেজমিন পরিদর্শন করেন। তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ী, আড়তদার এবং গুদাম মালিকদের সঙ্গে কথা বলেন এবং মূল্যতালিকা ও পণ্যের সরবরাহ পরিস্থিতি যাচাই করেন।
পরিদর্শন শেষে এমপি মনোয়ার হোসেন খান বলেন, রমজানে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। কোনোভাবেই অযৌক্তিক দাম বৃদ্ধি সহ্য করা হবে না। সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি উল্লেখ করেন, বাজারে কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাঠপর্যায়ে এমপির এই সরাসরি উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ভোক্তারা। প্রাইমারি শিক্ষিকা সাহিনা শারমিন বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করা দরকার, না হলে সাধারণ মানুষ বিপদে পড়বে। ভ্যানচালক সোহেল আলী আক্ষেপ করে বলেন, এক গ্লাস লেবুর শরবত আর দুইটা খেজুর দিয়ে ইফতার করব, সেই অবস্থাও নেই।
ব্যবসায়ীদের দাবি, রমজানের আগেই আড়ত পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। সবজি ব্যবসায়ী নজির শেখের অভিযোগ, রমজানের শুরুতেই লেবু ও শসার দাম পাইকাররা বাড়িয়েছেন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, রমজানজুড়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি চলমান রয়েছে।
পরিদর্শনের সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, এমপির সহকারী ইঞ্জিনিয়ার মিরাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রতিনিধির এমন সরাসরি তদারকি অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে আসবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন