রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি রাস্তার পাশের গাছ কাটার সময় বাধা প্রদান করায় হারুন শেখ নামে স্থানীয় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী হারুন শেখ বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মো. আক্কাস শেখ (৪২), পিতা– মো. কাসেম শেখ, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টার সময় কালভার্ট নামক স্থান সংলগ্ন সরকারি রাস্তার পাশে গাছ কাটছিলেন। এ সময় স্থানীয় হারুন শেখ বাধা দিলে বাহারুল নামে আরেক ব্যক্তি ধারালো দা ব্যবহার করে তাকে হুমকি প্রদান করেন।
অভিযোগে বলা হয়েছে, ধারালো দা দিয়ে হুমকি প্রদানের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনাটি জানতে পেরে পরিস্থিতি দেখতে আসেন। ভুক্তভোগী আরও উল্লেখ করেন, হামলাকারী ব্যক্তি ও তার সমর্থকরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। বালিয়াকান্দি থানার কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, খোঁজ নিলাম। যে গাছ এবং ডাল কাটা হয়েছিল সেগুলো সব ইউনিয়ন পরিষদে এনে রাখা হয়েছে, সরকারি ভাবে নিলাম করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন