রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী–ঢাকা মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক। তিনি পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে এবং সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রায় ২০ বছর ধরে তিনি বেতনবিহীনভাবে শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রাজ্জাক স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রাজশাহীর দিক থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকটি তার শরীরের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জিন্নাহ আলী বলেন, হঠাৎ করে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক এসে শিক্ষকের গায়ের ওপর তুলে দেয়। মুহূর্তেই তিনি পিষ্ট হয়ে যান।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও পুঠিয়ায় একই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত ১ জানুয়ারি উপজেলার একটি কলাহাট এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন