দীর্ঘদিনের অবকাঠামোগত জটিলতা ও পরিবেশগত সমস্যা দূর করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে আধুনিক ও রোগীবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ব্যক্তিগত সহায়তায় হাসপাতালের এই সংস্কারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে চলমান কাজের তদারকি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন এবং গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়েদুর রহমান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পর্যায়ে চত্বরের আবর্জনা অপসারণ, ভাঙাচোরা অংশ ও গর্ত সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। এছাড়া রোগীদের বেড ও আসবাবপত্র মেরামত এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার কাজও হাতে নেওয়া হয়েছে।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার মানুষ যাতে নিজ জেলাতেই মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটিই আমার অঙ্গীকার। হাসপাতাল মানুষের আস্থা ও ভরসার জায়গা, তাই এর অবকাঠামো ও সেবার মানোন্নয়ন জরুরি। তিনি আরও উল্লেখ করেন, পর্যায়ক্রমে হাসপাতালকে আরও আধুনিক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় রোগীদের সেবা প্রদান এখন আরও সহজ হবে। পরিবেশ উন্নত হলে চিকিৎসার মানও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় বলে তিনি মন্তব্য করেন।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়েদুর রহমান জানান, ড্রেনেজ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করেই ধাপে ধাপে সব উন্নয়ন সম্পন্ন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, নিয়মিত তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকলে এই হাসপাতালটি জেলাবাসীর জন্য আস্থার ঠিকানায় পরিণত হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন