রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন যুব ও যুবমহিলার মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান ও মো. সকিম উদ্দিন আহমেদ। এছাড়াও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপারভাইজার মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুবমহিলাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২০২৪-২৫ অর্থবছরে ৮০ জনকে খামারী ও হাঁস-মুরগি পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত এই যুবকরা এখন নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করায় আজ তাঁদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সনদপত্র ও ব্যাগ তুলে দেওয়া হলো। আগামীতেও এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন