সন্ধ্যায় দেবর ও পরদিন সকালে ভাবির আত্মহত্যা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৮ পিএম
সন্ধ্যায় দেবর ও পরদিন সকালে ভাবির আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই তাঁর চাচাতো ভাবি আত্মহত্যা করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ১০টার দিকে। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সাথে তাঁর চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। মাস তিনেক আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গতকাল মঙ্গলবার ইফতারের পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজের কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় মিল্টন মল্লিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর আজ বুধবার সকালে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন ভাবি এলিনা আক্তার। স্থানীয় বাসিন্দা মিঠু জানান, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতেন। আজ তাঁর মরদেহ বাড়িতে আসার কথা ছিল, কিন্তু তার আগেই ভাবির আত্মহত্যার খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে অনেকেই ধারণা করতেন বলে তিনি উল্লেখ করেন।

নিহতদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বর বলেন, তাঁরা প্রেমের সম্পর্কে জড়িত ছিল বলে আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম। সেই সম্পর্কের সূত্র ধরেই দুজনেই আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। এই এলাকায় এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে তিনি জানান।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হাসপাতাল থেকে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর