ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুয়েল আহমেদ ওই এলাকার প্রয়াত মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদ গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কের ভাঙ্গারি ব্যবসায়ী সরফরাজের পরিবারের সঙ্গে প্রতিবেশী জুয়েলের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবার জুয়েলদের বাড়ির প্রবেশপথে কাপড় শুকানোর দড়ি টানানোর সময় গালিগালাজ ও বিশৃঙ্খলা শুরু করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে জুয়েল ও সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তাঁর স্ত্রীকে আটক করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপড় শুকানোর দড়ি ঝোলানোসহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া থাকা সরফরাজের পরিবার প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও তাঁর ভাই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে এবং ঘটনার তদন্তসহ আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন