রাজশাহীতে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাচের গুঁড়া উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:৩৬ পিএম
রাজশাহীতে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাচের গুঁড়া উদ্ধার

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তালধারী এলাকা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। 

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে গান পাউডার ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাচের গুঁড়া ১ কেজি ১৭০ গ্রাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএন