রাজশাহীতে ধানখেত থেকে চতুর্থ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০১:০৩ পিএম
রাজশাহীতে ধানখেত থেকে চতুর্থ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় ধানখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আদিব আহনাফ (১১)। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এটি একটি হত্যাকাণ্ড।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে ধানখেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের মামা মোকছেদ আলী বলেন, এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ তদন্ত করছে এবং হত্যা মামলা করা হবে।

এএন