রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে আটজনকে ধরে গণপিটুনি দিয়েছেন গ্রামবাসী। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্য সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পলাশি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল একটি দল। এ সময় গ্রামবাসী তাদের ধরে বেঁধে মারধর করেন। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. শাহীন (৫৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বাকি সাতজন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আটজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্য সাতজনের মধ্যে ছয়জন ৪ নম্বর ওয়ার্ডে এবং একজন ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী আটজনকে আটক করেন। গণপিটুনিতে একজন মারা যান। আহত সাতজন বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন