মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের দেবিনগর গ্রামে রাতের আঁধারে একাধিক পেঁয়াজ ক্ষেতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে জমিতে ঢুকে পেঁয়াজ গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষক অচিন্ত্য, প্রভাস ও প্রশান্তসহ কয়েকজন জানান, কয়েক বিঘা জমিতে তাঁদের পেঁয়াজের আবাদ ছিল। ফসল তোলার আগ মুহূর্তে গভীর রাতে কে বা কারা মাঠে ঢুকে অধিকাংশ গাছ উপড়ে ফেলে রেখে যায়। তাঁদের অভিযোগ, ফসল চুরি করা হামলাকারীদের উদ্দেশ্য ছিল না, বরং বেছে বেছে সনাতন ধর্মাবলম্বী কৃষকদের ফসল নষ্ট করাই ছিল মূল লক্ষ্য।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ফসল নষ্ট করায় তাঁদের প্রায় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত না থেকেও কেন তাঁদের ক্ষেত লক্ষ্যবস্তু করা হলো, তা নিয়ে তাঁরা আতঙ্কিত। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় এমন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নাকোল ইউনিয়নের বটিখালী গ্রামের ইউপি সদস্য শ্রী চরণ বলেন, ঘটনার পরপরই আমরা এলাকাবাসীকে নিয়ে বসেছি। এলাকায় নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য রাতের পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাকোল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছে। ভুক্তভোগীদের শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে বলে তিনি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার সাথে সাথেই তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, নির্বাচন সামনে রেখে এলাকায় যেন কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা প্রতিহিংসা তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর হতে হবে। তাঁরা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন