ময়মনসিংহের ভালুকায় আখ চাষ ও গুড় উৎপাদনে কর্মব্যস্ততায় প্রতিটি চাষির ক্ষেতে যেন নতুন করে প্রাণ ফিরেছে। মৌসুমজুড়ে আখের রস জ্বালিয়ে উন্নতমানের গুড় তৈরি করে লাভবান হচ্ছেন এই এলাকার কৃষকরা। একই সাথে বহু বেকারের কর্মসংস্থান হচ্ছে এই খাতে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এই গুড় এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
জানা যায়, এক সময় আখ চাষে বিখ্যাত ছিল ভালুকা। কালের পরিক্রমায় এই চাষ কমে গেলেও আবারও প্রাণ ফিরে পাচ্ছে এ অঞ্চলের আখ ক্ষেত ও গুড় উৎপাদন। বর্তমানে উপজেলার হবিরবাড়ী, মল্লিকবাড়ী, পাড়াগাঁও, আওলাতলী ও ডাকাতিয়া এলাকায় নতুন উদ্যমে আখ চাষ শুরু হয়েছে।
চাষিদের কাছ থেকে সংগ্রহ করা আখের রস জ্বালিয়ে প্রতিদিন হাজার হাজার কেজি গুড় উৎপাদন হচ্ছে। স্থানীয় কৃষকদের ভাষ্য মতে, উপজেলায় অন্তত ৫০টির মতো আখের মিল বর্তমানে চালু রয়েছে। এসব মিলে প্রায় চার থেকে পাঁচ শতাধিক শ্রমিকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে তাঁরা জানান।
ভালুকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, আখ চাষে উৎসাহ দিতে সরকার প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে চাষিদের সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় চাষিরা জানান, সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে আখ চাষ এবং গুড় উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি বহু বেকার মানুষের স্থায়ী কর্মসংস্থান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন