নওগাঁর পোরশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক মৎস্যজীবী পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্ত রহমত আলীর হাতে টিন, নগদ টাকা, শীতবস্ত্র ও শুকনা খাবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এসব সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এই তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলে পাড়া গ্রামে মৎস্যজীবী রহমত আলীর বসতবাড়িতে অসাবধানতাবশত আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তাঁর দুটি ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সহযোগিতা গ্রহণকালে রহমত আলী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সহায়তা তাঁর পরিবারের বড় ধরনের ক্ষতি কাটিয়ে উঠতে এবং ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন