রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল তিনটার দিকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহী-এর নির্দেশনায় নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে 'নবরূপ মিষ্টান্ন ভান্ডার'-কে ওজনে কম দেওয়া এবং পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে দই অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে 'মৌচাক মিষ্টি ভান্ডার'-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাপড়ের দোকান 'শেখ গার্মেন্টস' পণ্যের ক্রয় রশিদ প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।
সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় কাজ করছে আদালত। জনস্বার্থে এ ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন