মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে রাস্তার ওপর মসুরি মাড়াই করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে সড়কের ওপর ফসলের খোসা, নাড়া ও ধুলোবালি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ফলে রাস্তা পিচ্ছিল হয়ে উঠছে এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসুরির মৌসুম এলেই অনেক কৃষক মাঠের অভাব বা নিজস্ব সুবিধার কারণে সড়কের ওপর ফসল মাড়াই করেন। এতে রাস্তার ওপর স্তূপ করে রাখা হয় খড় ও নাড়া।
মাড়াইয়ের সময় খোসা ও ধুলোবালি পুরো সড়কে ছড়িয়ে পড়ায় চলাচলরত যানবাহনের চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। সম্প্রতি উপজেলার ডুমুরশিয়া এলাকায় সড়কের মাঝখানে খড়ের বড় স্তূপ ফেলে রাখার দৃশ্য দেখা গেছে, যা চলাচলের পথ প্রায় বন্ধ করে দিয়েছে।
ডুমুরশিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন বলেন, মসুরির মৌসুমে প্রায় প্রতিদিনই রাস্তায় এভাবে মাড়াই করা হয়। খোসা পড়ে রাস্তা খুব পিচ্ছিল হয়ে যায়, যা বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
আরেক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, রাতের বেলা বা দূর থেকে আসা গাড়িগুলো হঠাৎ রাস্তার মাঝখানে খড়ের গাদা দেখে বিপদে পড়ে। গত কয়েক বছরে এমন অসাবধানতার কারণে ছোট-বড় বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে।
সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, জনসচেতনতার অভাব এবং সড়ক ব্যবহারের নীতিমালা না মানার কারণে এই ঝুঁকি বাড়ছে। স্থানীয় পর্যায়ে কার্যকর নজরদারি না থাকায় সমস্যাটি দীর্ঘস্থায়ী হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহনুর জামান-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহলের দাবি, কৃষি কাজের প্রয়োজন থাকলেও তা যেন জনসাধারণের চলাচলে ঝুঁকি তৈরি না করে। দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি ও কৃষকদের মাঝে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন