রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত

মুমু সভাপতি ও বিনয় সাধারণ সম্পাদক

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:৩১ পিএম
মুমু সভাপতি ও বিনয় সাধারণ সম্পাদক

‘সত্যের পক্ষে এক ঝাঁক কলম সৈনিক’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক বা আরজেএন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সদস্যদের ভোটে নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু সভাপতি এবং দৈনিক আমার বার্তার প্রতিনিধি বিনয় চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে শহরের কাঁঠালতলী সিনেমা হল এলাকায় আরজেএন এর অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সভায় মোহনা টেলিভিশন, দৈনিক আমার সংবাদ এবং ডেইলি পোস্টের রাঙামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সাথে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যা আগামী দুই বছর পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখবে। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং সংগঠনকে আরও বেশি গতিশীল ও গণতান্ত্রিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফাতেমা জান্নাত মুমু জানান, পার্বত্যাঞ্চলে গণমাধ্যম কর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে প্রথমে ঐক্য জরুরি। পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যেই এই সংগঠনের পথচলা শুরু হয়েছে। 

তিনি বলেন, সত্যের পথে যেকোনো সমস্যা উত্তরণে ও নিজেদের পেশাগত মানোন্নয়নে আমরা একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ। 

ফাতেমা জান্নাত মুমু আরও জানান, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠীর ধর্ম ও বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হবে। এলাকার বাস্তব চিত্র বিশ্বদরবারে তুলে ধরে রাঙামাটি পার্বত্য জেলাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে এই এক ঝাঁক কলম সৈনিক নিরলসভাবে কাজ করে যাবে।

জেএইচআর