রাজশাহীতে এক কলেজশিক্ষককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষক আসাদুজ্জামান জুয়েল অভিযোগ করেন, গত তিন মাস ধরে ওই দুই ছাত্রদল নেতা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২৬ নভেম্বর তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সর্বশেষ গত ৪ মার্চ রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় তার বাসার নিচে একা পেয়ে মারধর করা হয় এবং আবারও হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া দুই ছাত্রদল নেতা। গ্রেপ্তারের আগে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, শিক্ষক আসাদুজ্জামান জুয়েল আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
অন্যদিকে শিক্ষক জুয়েল বলেন, চাঁদা দাবির বিষয়ে তার কাছে একাধিক ভয়েস রেকর্ড রয়েছে। নিজেদের দায় এড়াতেই অভিযুক্তরা এখন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন