বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:১৯ পিএম
বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের এক সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজিটি বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরে হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০) নিহত হন।

এদিকে আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর কুয়াশা ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণেই সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলেই পড়ে আছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে ৫ জন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজি ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

এএন