রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:০৬ পিএম
রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি এবং এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মিলন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানায়, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহীর রাজপাড়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও তানোর থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ৭টা ১৫ মিনিটের দিকে র‍্যাব-৫ সিপিএসসি’র একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারবাংলা ইকো পার্ক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুন অর রশিদ (৩০)কে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, যৌতুক আইনের একটি মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত হারুনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএন