রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৩ পিএম
রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ইন্টারনেটে শিশু-কিশোরদের ক্রমবর্ধমান আসক্তি আধুনিক যুগের এক ধরনের মানবসৃষ্ট দুর্যোগ। এর ফলে নৈতিকতা, আচরণ ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। 

তিনি বলেন, নৈতিকতার অভাব সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে। খাদ্যে ভেজাল বা বিষ প্রয়োগের মতো ঘটনাও নৈতিক অবক্ষয়ের ফল, যা প্রতিরোধ করা জরুরি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনায়েত উল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাজশাহী রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।

এএন