রাজশাহীতে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:২১ পিএম
রাজশাহীতে ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আরএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মো. রজব আলীর ছেলে মো. সজল হোসেন (২৬) ও শাকিল হোসেন (২৪)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় অভিযান চালায়। এ সময় সজল ও শাকিলকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।

পরে তাদের ঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত প্রায় ২ ফুট ৮ ইঞ্চি লম্বা এক প্রান্ত ধারালো একটি দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সজলের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় একটি ছিনতাই, একটি পেনাল কোড এবং একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া শাকিলের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক ও একটি পেনাল কোডের মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ ও অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এএন