ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ফয়সাল আহমেদ ‘দৈনিক আমার সংবাদ’ ও ‘বাংলা টিভি’র বাঞ্ছারামপুর প্রতিনিধি। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাঞ্ছারামপুরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামের সামনে সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন হঠাৎ সাংবাদিক ফয়সালের ওপর হামলা চালান।
আহত সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, সংবাদ সংগ্রহ শেষে আমি অডিটোরিয়ামের বাইরে পৌর বিএনপির সভাপতির সঙ্গে কথা বলছিলাম। এসময় আতিকুর রহমান লিটন পেছন থেকে এসে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে আমাকে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এয়াছিন জানান, সাংবাদিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন