পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে পাঁচ শতাধিক অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বান্দরবান বাসস্টেশন সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুবদল এবং অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির সভাপতি জহির উদ্দীন মাসুম। অনুষ্ঠানে সংগঠনের পাঁচশত সদস্যের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জহির উদ্দীন মাসুম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সমিতির পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহারের আয়োজন করা হয়েছে। সংগঠনের সদস্যদের যেকোনো প্রয়োজনে ও কল্যাণে আমাদের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবের আগে খাদ্যসামগ্রী হাতে পেয়ে চালক ও সদস্যরা আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন