হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ পরিবারের

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:৩৫ পিএম
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ পরিবারের

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৫) নামে এক হাজতি বন্দীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাসেল নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় সাড়ে ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় রাসেল পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কারা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টা ২০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, জ্বর ও মৃগী রোগের পাশাপাশি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে, রাসেলের মৃত্যুর পেছনে কারা কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছে তার পরিবার। নিহতের স্বজনদের দাবি, রাসেল গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি আগেই কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় এবং অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।

বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই মৃত্যুর ঘটনায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নিহতের শোকাতুর পরিবার।

জেএইচআর