চোর অপবাদে চোখ উপড়ে ফেলা জাকিরের মানবেতর জীবন, ৭ মাসেও ধরা পড়েনি কেউ

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:১৪ পিএম
চোর অপবাদে চোখ উপড়ে ফেলা জাকিরের মানবেতর জীবন, ৭ মাসেও ধরা পড়েনি কেউ

চুরির অপবাদ দিয়ে পৈশাচিক কায়দায় চোখ উপড়ে ফেলার দীর্ঘ সাত মাস পার হলেও বিচার পাননি মাদারীপুরের কসমেটিকস বিক্রেতা জাকির শেখ। প্রভাবশালী আসামিদের একজনও এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ৯ সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

২০২৫ সালের ১০ আগস্ট সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে জাকির শেখকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় প্রভাবশালী রফিকুল ইসলাম ওরফে মফেজ শেখ ও তার সহযোগীরা। সেখানে তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিরিঞ্জ ও কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দুই চোখ উপড়ে ফেলা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর মাদারীপুর সদর থানা মামলা নিতে গড়িমসি করে। পরবর্তীতে আদালতের নির্দেশে ১৮ আগস্ট মামলা নথিভুক্ত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো ১৬ জন আসামির মধ্যে ৯ জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অন্ধ হয়ে যাওয়ায় ৯ সন্তান নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে জাকিরের। পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার আদালতে নারাজি পিটিশন দিলে আদালত মামলাটি পুনরায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, মামলাটি বর্তমানে ডিবি পুলিশের কাছে পুনঃতদন্তাধীন রয়েছে। এই বর্বরতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

জেএইচআর