গাংনীতে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু, সহকারী আহত

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:২৮ পিএম
গাংনীতে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু, সহকারী আহত

মেহেরপুরের গাংনীতে ‘ফাইভ স্টার’ নামের একটি ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মহিরুলের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী সজিব (৩০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর জন্য ট্রাকের পেছনের অংশ উঁচুকরণকালে উপরে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে চালক মহিরুল ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত সহকারী সজিবকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাসেল রানা জানান, সজিবের শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর