নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

খুলনা ব্যুরো প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০২:৪১ পিএম
নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে নিজ বাড়ির পাশের মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, যে বাড়িতে উৎসবের আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই হাহাকার। কনের বাবা আব্দুস সালাম মোড়ল বারবার মূর্ছা যাচ্ছেন। শোকাতুর মানুষের ভিড়ে পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে। কনের নানির মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। অন্যদিকে, বরের পরিবারের ৯ জনের মরদেহ মোংলায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও দাফনের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে কয়রা উপজেলার নাকশা গ্রামের আব্দুস সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সাথে মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও স্বজনরা মাইক্রোবাসযোগে মোংলায় ফিরছিলেন। ফেরার পথে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় একটি বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বর-কনে ও চালকসহ মোট ১৪ জন প্রাণ হারান।

একই পরিবারের এতো মানুষের মৃত্যুতে ওই এলাকাগুলোতে এখন শুধুই কান্নার শব্দ। শোকের ছায়া নেমে এসেছে দুই উপজেলা জুড়েই।

জেএইচআর