রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রম হতে হবে দৃশ্যমান। উন্নয়নমূলক কাজের বিষয়ে সাধারণ মানুষ যাতে স্পষ্ট ধারণা পায়, সেটি নিশ্চিত করতে হবে। জনগণের কাছে কাজের জবাবদিহিতা দিতে প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বাধ্য থাকবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়, অবৈধ কাউন্টার, ছিনতাই বা চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। এছাড়া মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি বলেন, মাদক বিক্রেতা বা সেবনকারী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নৌপথে ফেরিতে জুয়া ও ছিনতাই রোধে প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন