গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রোববার পবিত্র রমজান মাসের ২৫ তারিখে পাটগাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের গরিব ও দুস্থ মোট ১,৭৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ কর্মসূচির জন্য মোট ৫৭৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল বরাদ্দ করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে পর্যায়ক্রমে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পাটগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ বিশ্বাস। তদারকিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি (ট্যাগ অফিসার) হোসেন আলী মিয়া। এছাড়াও ইউনিয়ন পরিষদের ৯ জন পুরুষ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় চেয়ারম্যান সুভাষ বিশ্বাস বলেন, “সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
স্থানীয় উপকারভোগীরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন