রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম জ্বালানি তেলের সংকটে দুই দিন ধরে বন্ধ রয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বর্জ্য পরিবহনে ব্যবহৃত গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ময়লা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে নগরীর সড়ক, অলিগলি ও ডাস্টবিনে বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়কেও ময়লা ছড়িয়ে পড়েছে।
নগরীর সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্বরের সেকেন্ডারি পয়েন্টে গিয়ে দেখা যায়, ময়লার বুথ পুরোপুরি ভর্তি। এমনকি সড়কের এক পাশেও ছড়িয়ে আছে বর্জ্য। একই অবস্থা নগরীর অন্যান্য সেকেন্ডারি পয়েন্টেও। বর্জ্য অপসারণ বন্ধ থাকায় অনেক এলাকায় বাড়ি বাড়ি থেকেও ময়লা সংগ্রহ করা হচ্ছে না।
এতে দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন, দীর্ঘ সময় ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা মো. রেজাউল বলেন, দুই-তিন দিন ধরে এলাকার ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয়নি। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাচলে ভোগান্তি হচ্ছে।
ঘোড়া চত্বর এলাকার ব্যবসায়ী সাজ্জাদ বলেন, এটি মেডিক্যাল এলাকা হওয়ায় এখানে প্রতিদিন বিপুল বর্জ্য তৈরি হয়। নিয়মিত অপসারণ না হলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ে।
এ বিষয়ে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, জ্বালানি তেলের সরবরাহ না থাকায় শুক্রবার থেকে সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ময়লা নেওয়া বন্ধ ছিল। তবে তেলের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম আবার শুরু করা যাবে বলে আশা করছি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন