রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা (নরসিংদী) প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:২৯ পিএম
রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের শুকুর আলীর ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

পরবর্তীতে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম কাজ করছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। নিখুঁত বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে। মরদেহের আলামত যেনো নষ্ট না হয়, সেজন্য পুলিশ কাজ করছে। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আছেন।”

এদিকে শিশু আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যুতে চরমরজাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এএন