লতিবাবাদে ৪,২৮০ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৫০ পিএম
লতিবাবাদে ৪,২৮০ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে ৪ হাজার ২৮০ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে লতিবাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুল ইসলাম।

ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। প্রত্যেকে ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন।

উদ্বোধনকালে পিআইও মো. শহীদুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশব্যাপী ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করছে। এর অংশ হিসেবে লতিবাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ হাজার ২৮০টি অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা মাপে কম দেওয়ার অভিযোগ যেন না থাকে সেজন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে।

চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব দিলোয়ারা বেগম, ইউনিয়নের সকল ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএন