পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১১:৩৭ এএম
পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই পরিবারের এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছোট সন্তান। তারা জয়পুরহাটের হিলি উপজেলার মনসাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলিতে যাচ্ছিলেন তিনি। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এএন