পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রথমবারের মতো এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যারা নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়নে কাজ শুরু হয়েছে এবং রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি জানান, নগরীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা। কর্মী রাজিবুল ইসলাম বলেন, চাকরি জীবনে এই প্রথম এমন অনুদান পেয়েছেন। অন্য কর্মীরাও জানান, এ সহায়তায় তারা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন এবং কাজে আরও উৎসাহিত হবেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন