দেশের বৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০২:৪৫ পিএম
দেশের বৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত দেশের প্রাচীন ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়।

এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ায় জামাতের আয়োজন করা হয়েছে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই।

ঈদ জামাতে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে না আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জামাতের জন্য ঈদগাহ মাঠের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৯৯তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন জানান, এবার ঈদগাহ পর্যবেক্ষণের জন্য ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

এদিকে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।

জানা যায়, সুদূর ইয়েমেন থেকে ইসলামি দাওয়াত নিয়ে হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) কিশোরগঞ্জ অঞ্চলে আগমন করেন। ১৮২৮ সালে তিনি শোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করেন। তখন তাঁর আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়ে প্রায় সোয়া লাখ মুসল্লি ওই জামাতে অংশগ্রহণ করেন। সেই থেকে ‘সোয়া লাখ’ শব্দ থেকে ‘সোয়ালাখিয়া’ এবং পরবর্তীতে শব্দের বিবর্তনে ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়।

এএন