ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৪ পিএম
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির ঈদবাজারের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে তিনি ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন বিপণিবিতান ও শপিং মল ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ডিআইজি ব্যবসায়ী, ক্রেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। মানুষ যেন নির্বিঘ্নে চলাচল ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বাহিনীর সকল স্তরের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, শুধু বাজার নয়, নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশকে সচেষ্ট ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি তৌহিদুজ্জামান এবং ট্রাফিক বিভাগের ওসি রহমতউল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর