চট্টগ্রামের পটিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কেলিশহর এলাকার একটি শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পটিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা পার্থ দাসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোরশেদ তালুকদার এবং ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জালাল উদ্দীন আনান। এছাড়া ছাত্রলীগ নেতা জাহেদ, জাবেদ ও ইবনাতসহ আরও কয়েকজন এতে অংশ নেন।
নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু। তিনি বলেন, আজকের কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত। খুনিদের সংগঠন ছাত্রলীগের এসব নেতা-কর্মীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছাত্রলীগের কর্মসূচির বেশ কিছু ছবি তাঁর নজরে এসেছে। তবে এটি আজকের কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন