কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:১২ পিএম
কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, খেলাধুলা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের মহান স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর সন্তানদের, যাঁরা তাঁদের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। আমাদের এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।”

তিনি আরও বলেন, “সহনশীলতা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারি এবং একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব ও সদস্যসচিব আশিকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এএন