শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শুক্রবার দুপুরে রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক বলেন, ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার। এই দেশকে আমাদের সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “রাজশাহীর সুনাম বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। নাগরিক হিসেবে আমাদের সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।” এ সময় তিনি মন্দির কমপ্লেক্সের প্রয়োজনীয় উন্নয়ন কাজে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে এবং সদস্য প্রশান্ত কুমার সাহা ও রঞ্জন কুমার মিত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন