টুঙ্গিপাড়ায় ডিজেল বিক্রিতে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:১৬ পিএম
টুঙ্গিপাড়ায় ডিজেল বিক্রিতে অনিয়ম, মোবাইল কোর্টে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ব্যবসায়ী ফিরোজ মুন্সির দোকানে অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে বাজার মনিটরিং জোরদার করা হয় এবং টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন