পাওনা টাকা চাওয়ায় নারীকে শ্বাসরোধে হত্যা, রংপুরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শরিফূল ইসলাম, রংপুর প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:২৯ পিএম
পাওনা টাকা চাওয়ায় নারীকে শ্বাসরোধে হত্যা, রংপুরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর পাওনা টাকা ফেরত চাওয়ায় রূপভান নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। 

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, রোববার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার মো. জাকির হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)। তাঁরা রংপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, নিহত রূপভানকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন জাকির হোসেন। নির্ধারিত সময়ে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় রূপভান টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে রূপভানকে নিজেদের ভাড়া বাসায় ডেকে নেন জাকির ও তাঁর স্ত্রী। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা পালিয়ে যান।

এই নৃশংস ঘটনার পর গত ২ মার্চ নিহতের ভাই বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থেকে গ্রেপ্তারের পর আসামিদের রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর