ডা. রফিকুল ইসলাম

টিকা কার্যক্রমে ব্যাঘাতেই হামের প্রাদুর্ভাব বেড়েছে

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:১৯ পিএম
টিকা কার্যক্রমে ব্যাঘাতেই হামের প্রাদুর্ভাব বেড়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটায় দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতা থাকায় সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সাল পর্যন্ত নির্দিষ্ট প্রক্রিয়ায় ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে।

হামের বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। কেন নির্ধারিত সময়ের আগেই সংক্রমণ ঘটছে, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি। তিনি সতর্ক করে বলেন, হাম অত্যন্ত সংক্রামক; একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জনে এটি ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

রামেক হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরে ডা. রফিকুল ইসলাম জানান, ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী চিকিৎসাধীন রয়েছে। শিশুদের আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করা গেলে আইসিইউর ওপর চাপ কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পরিদর্শনকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর