কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আন্তর্জাতিক রুট চালুর দাবি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:০০ পিএম
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আন্তর্জাতিক রুট চালুর দাবি

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে এই আবেদনপত্রটি হস্তান্তর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রামে রেল যোগাযোগের দীর্ঘ ইতিহাস থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিকায়নের অভাবে জেলার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ নেতৃবৃন্দ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উন্নয়ন পরিষদের পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন এবং ধরলা সেতুর পাশে নতুন রেলসেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। এছাড়া কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। এর ফলে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন পথ উন্মোচিত হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারাও রেল উন্নয়নের এই দাবিকে সমর্থন জানিয়েছেন। নাগেশ্বরীর ওমর ফারুক জানান, রেল যোগাযোগ উন্নত হলে জরুরি প্রয়োজনে ঢাকা যাতায়াতের ভোগান্তি কমবে। সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বন্দর পর্যন্ত রেললাইন গেলে সীমান্ত বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাবে।

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে রেল অত্যন্ত জরুরি। আবেদনটি জমা দেওয়ার সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে রেল সম্প্রসারণকে অপরিহার্য বলে উল্লেখ করেন।

জেএইচআর