খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অগ্রাধিকারের প্রকল্পের আওতায় উপজেলার দু’টি গুরুত্বপূর্ণ খাল খননের পরিমাপ সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। এই অঞ্চলের শত শত একর ফসলি জমি এখন সেচ সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় অর্থনৈতিক চিত্র বদলে দেবে।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু খাল ও পৌরসভার আজমরায় খাল দুটি সরেজমিনে পরিমাপ সম্পন্ন করা হয়।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, ৪নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. অলি উল্ল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা উপজেলার দুটি খালের দৈর্ঘ্য ৬ কিমি, প্রস্থ ৮ মিটার নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় সারা দেশে মোট প্রায় ৭,০০০ কিমি খাল খনন, পুনঃখনন ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী চার অর্থবছর (২০২৬-২৭ হতে ২০৩০-৩১) এ খাল খনন/পুনঃখনন/সংস্কারের কার্যক্রম চালানো হবে।
কার্ডধারী শ্রমিক, দক্ষ শ্রমিক এবং মেশিন ব্যবহার করে খাল খনন করা হবে। খননকৃত খালের গভীরতা ও প্রশস্ততা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে। খালের পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে, যাতে মাটির ক্ষয় রোধ করা যায়। এই প্রকল্পের সফল বাস্তবায়ন শুধু কৃষিতে নয়, বরং এই জনপদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকরা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় বন্যা ও গরমে পানির তীব্র সংকট দেখা দিত। খনন কাজ শুরু হলে তারা সারা বছর চাষাবাদ করতে পারবে। এটি তাদের এলাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বড় উপহার।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন