আড়াইহাজারে স্ত্রী হত্যার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:৩৪ পিএম
আড়াইহাজারে স্ত্রী হত্যার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী জিদনী আক্তারকে হত্যার অভিযোগে আড়াইহাজার সরকারি শফর আলী কলেজের সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

বুধবার দিবাগত রাতে আড়াইহাজার থানার এসআই ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সুমনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

২০২৩ সালের ৭ জুলাই ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জিদনী আক্তারের সঙ্গে সুমনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ২০২৪ সালের ২৬ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা জিদনী আক্তারের মরদেহ পরদিন সকালে উদ্ধার করে পুলিশ। ওই সময় থানায় একটি অপমৃত্যু মামলা করা হলেও জিদনীর পরিবার একে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছিল।

পুলিশ তখন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। মৃত্যুর দীর্ঘ সময় পর সম্প্রতি ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জিদনীকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জিদনীর মৃত্যুর পর প্রাথমিকভবে অপমৃত্যু মামলা হলেও ময়নাতদন্তের রিপোর্টে হত্যার প্রমাণ মিলেছে। এই প্রতিবেদনের ভিত্তিতে পূর্বের অপমৃত্যু মামলাটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে। পুলিশ মামলার প্রধান অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর